৩৫ বছর পর সরাসরি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যদের প্রকাশ্য ভোটের মাধ্যমে এবার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।
আগামী বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ভোট দেবেন সংসদ সদস্যরা। পুরো ভোটগ্রহণ ও গণনা প্রক্রিয়া নির্ধারিত নিয়মে সম্পন্ন হবে।
ভোট দেওয়ার প্রক্রিয়া
১. ভোটের সময়: এদিন দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।
২. আইডি কার্ড সঙ্গে রাখা: সংসদ কক্ষে প্রবেশের সময় প্রত্যেক এমপিকে সংসদ সচিবালয় থেকে সরবরাহ করা আইডি কার্ড সঙ্গে রাখতে হবে।
৩. ব্যালট সংগ্রহ: নিজ আসনে বসার পর সহায়তাকারী কর্মকর্তার কাছ থেকে নাম ও বিভক্তি নম্বর মুদ্রিত ব্যালট পেপার নিতে হবে।
৪. কাউন্টার ফয়েলে নাম লেখা: ব্যালট পেপারের কাউন্টার ফয়েল বা চেকমুড়িতে নির্ধারিত স্থানে নিজের পূর্ণ নাম লিখে তা সহায়তাকারী কর্মকর্তার কাছে ফেরত দিতে হবে।
৫. ভোট প্রদান: ব্যালটের নির্ধারিত অংশে পছন্দের প্রার্থীর নামের বিপরীতে নির্দিষ্ট ফাঁকা স্থানে নিজের পূর্ণ নাম লিখে ভোট দিতে হবে।
৬. ব্যালট বাক্সে জমা: ভোট দেওয়া শেষে ব্যালট পেপার সংসদ কক্ষে রাখা নির্ধারিত ব্যালট বাক্সে জমা দিতে হবে।
৭. ব্যালট নষ্ট হলে: কোনো কারণে ব্যালট পেপার নষ্ট হয়ে গেলে সেটি বাক্সে দেওয়ার আগে নির্বাচনকর্তার কাছে জমা দিতে হবে। এরপর নির্বাচনকর্তা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
ভোটকক্ষে যেসব নিয়ম মানতে হবে
১. ভোটগ্রহণের সময় সংসদ সদস্যদের বৈঠকে কোনো ধরনের নির্বাচনি প্রচার চালানো যাবে না।
২. ভোটকক্ষে কোনো বক্তব্য বা ভাষণ দেওয়ার সুযোগ নেই।
৩. ভোট দেওয়ার সময় তাৎক্ষণিক কোনো সমস্যা দেখা দিলে চিফ হুইপ ও বিরোধীদলের চিফ হুইপের সহায়তা নিতে হবে।
৪. ব্যালট পেপারে ভোটারের পূর্ণ স্বাক্ষরের কথা উল্লেখ থাকলেও এমপিদের সেখানে স্বাক্ষরের পরিবর্তে পূর্ণ নাম লিখতে হবে।
ভোট গণনা যেভাবে
১. বিকাল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই গণনা শুরু হবে।
২. প্রথমে কতজন সংসদ সদস্য ভোট দিয়েছেন, তা হিসাব করা হবে।
৩. এরপর কতটি ব্যালট বৈধ ও কতটি বাতিল হয়েছে, তা নির্ধারণ করা হবে।
৪. অব্যবহৃত ব্যালটের সংখ্যাও হিসাব করা হবে।
৫. সবশেষে প্রার্থীদের পাওয়া বৈধ ভোট গণনা করা হবে।
৬. সর্বাধিক বৈধ ভোট পাওয়া প্রার্থীকে বিজয়ী ঘোষণা করবেন নির্বাচনকর্তা।
৭. পরে নির্বাচন কমিশন নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ করবে।
ফল কখন
রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলবে দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। সংসদ ভবনের বুথে সংসদ সদস্যরা আসন নম্বর অনুযায়ী ভোট দেবেন। মোট ৩৪৯টি ভোট রয়েছে। ভোটগ্রহণ শেষ হলেই গণনা শুরু হবে। সব ভোট আগে শেষ হলে আগেই গণনা শুরু করা যেতে পারে। ভোট শেষে ফলাফল ঘোষণা করা হবে।


